মঞ্চস্থ হলো 'বীরাঙ্গনা'
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত নারীদের জীবনকাহিনি নিয়ে লেখা নাটক বীরাঙ্গনা মঞ্চস্থ হয়েছে। গত শুক্রবার রাতে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
বাংলাদেশ ট্যুর প্রযোজনা যাত্রিক ও উত্তরণ মহিলা সংস্থার উদ্যোগে ব্রিটিশ নাট্যদল ‘কমলা কালেক্টিভ’-এর উপস্থাপনায় নাটকটি মঞ্চস্থ করা হয়। এই নাটকটি ব্রিটেনের ‘দ্য অফি অ্যাওয়ার্ড’ পেয়েছে।
নাটকটির প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন যাত্রিকের ব্যবস্থাপনা পরিচালক শাদাফ সাজ সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম ও সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থার পরিচালক সাফিনা লোহানী প্রমুখ।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ জেলার বীরাঙ্গনাদের মুখ থেকে শোনা মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে নাটকটি রচিত হয়েছে। নাটকে তাদের জীবনের করুণ গল্প ও চাপা আর্তনাদ ফুটে উঠেছে। নাটকটি আবর্তিত হয়েছে মরিয়ম নামের একজন তরুণীকে নিয়ে। যে তরুণী তেঁতুল খেতে ভালোবাসত, ভালোবাসত মায়ের আঁচলের গন্ধ শুঁকতে, আর তার স্বামীর হাত ধরে থাকতে। কিন্তু এ আশা বেশি দিন টেকেনি। ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধ ছড়িয়ে পড়ে। বিভীষিকা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে। প্রতিদিন অসংখ্য নারী ও তরুণী নিখোঁজ হতে থাকে। একদিন মরিয়মও হারিয়ে যায়।
স্বাধীনতাযুদ্ধের সময় দেশে প্রায় চার লাখ নারী ধর্ষিত ও নির্যাতিত হয়। পরে সরকার নির্যাতিতদের পূর্ণ সম্মানের সঙ্গে বীরাঙ্গনা হিসেবে গণ্য করার ঘোষণা দেয়।
নাটকটির মূল চরিত্রে মরিয়মের ভূমিকায় অভিনয় করেছেন লিসা গাজী। নাটকটিতে ছায়াচিত্রের মাধ্যমে মরিয়মের বাবা, স্বামী এবং সন্তানের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এতে অভিনয় করেছেন অমিত রহমান।
বীরাঙ্গনা নাটকটি কমলা কালেক্টিভের প্রথম প্রযোজনা। যুক্তরাজ্যের বিভিন্ন থিয়েটারে এটি ইংরেজি ভাষায় মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশের দর্শকদের জন্য ভাষান্তর ও সংগীত রচনা করেছেন লিসা গাজী। নাটকটি লিখেছেন সামিনা লুৎফা ও লিসা গাজী। নির্দেশনা দিয়েছেন ফিলিজ ওজ্জান। মঞ্চ পরিকল্পনা অ্যানিমেশন এবং পোস্টার ডিজাইন করেন ক্যাটলিক অ্যাবোট।