মঞ্চে প্রীতিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরকন্যা প্রীতিলতা। স্বদেশকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করতে বাজি রেখেছেন জীবন। লড়াই করে আলিঙ্গন করেছেন মৃত্যুকে। সেই ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি হয়েছে নাটক প্রীতিলতা। এটি চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ১৮তম প্রযোজনা। নাটকটি ১২ জানুয়ারি সন্ধ্যায় মঞ্চস্থ হয় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ।
নাটকের কাহিনি আবর্তিত হয়েছে বীরকন্যা প্রীতিলতা ও তাঁর জীবনদানের ঘটনা নিয়ে। সেই সঙ্গে এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ইতিহাসের সেই অগ্নিযুগ ও বর্তমান সময়। ইতিহাসের পাতা থেকে উঠে এসেছেন মাস্টারদা সূর্য সেনসহ তাঁর সাথিরা। নাটকে দেখা যায়, কীভাবে একজন মানুষ বিপ্লবী হয়ে ওঠে। কিসের জোরে এই মানুষগুলো মেতে ওঠে জীবনদানের নেশায়। ব্রিটিশ শাসনামলে কোন পরিস্থিতিতে সূর্য সেন ও প্রীতিলতারা মাতৃভূমির টানে অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে। নেমেছিলেন সশস্ত্র সংগ্রামে।
বর্তমান সময়ে এখনো তেমন পরিস্থিতি বিদ্যমান। আজও পুরোপুরি স্বাধীনতা পায়নি নারীরা। অর্জন হয়নি বিপ্লবীদের স্বপ্ন। এই সময়েও সমাজের সচেতন মানুষদের সুন্দর একটি মাতৃভূমি নির্মাণের জন্য এগিয়ে আসার আহ্বানই ছিল নাটকের মূলকথা।
নাটকটির পর পর দুই দফা মঞ্চায়নের শুরুতে ছিল কথামালার আয়োজন। প্রতিবারেই কথামালা নিয়ে মঞ্চে আসেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ইন্দ্রানী ভট্টাচার্য। তিনি বলেন, ‘সূর্য সেন ও প্রীতিলতার মতো মানুষগুলোর সংগ্রামী চেতনা আমাদের শরীরে শিহরণ জাগায়। কিন্তু তাঁরা প্রতিবারই থেকে যান সবার অলক্ষ্যে। আমাদের স্বাধীনতা অর্জনে যাঁরা ভূমিকা রেখেছেন তাঁদেরও সবার সামনে উপস্থাপন করাটাই আমাদের মূল লক্ষ্য।’
নাটকটি রচনা করেছেন তাপস চক্রবর্তী। নির্দেশনায় ছিলেন আবির মণ্ডল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমরান হোসেন, নিশিগন্ধা দাশ গুপ্তা, রুমেল বড়ুয়া, মামুনুল হক, লিটু দেব নাথ, প্রবাল মজুমদার, সারাবান তহুরা, শাহীন মনজুর প্রমুখ। নাটক দেখা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, ‘নাটকটি দেখে মনে হয়েছে অধিকার অর্জনের লড়াই নিজেদেরই চালিয়ে যেতে হবে। সবাই যার যার স্থান থেকে এগিয়ে এলে সুন্দর সমাজ নির্মাণ সম্ভব।’