মঞ্চে ভীতি ছড়াতে জগৎজ্যোতিকে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গণজাগরণ মঞ্চের তৎপরতা ঠেকাতেই ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদারকে (৩৫) খুন করা হয়েছে বলে মনে করছেন মঞ্চের সংগঠকেরা। গত শনিবার রাতে নগরের আখালিয়া এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ছাত্রশিবিরের সশস্ত্র একটি দল তাঁকে হত্যা করেছে বলে জগৎজ্যোতির রাজনৈতিক সহকর্মীরা অভিযোগ করছেন।নগরের আখালিয়ার বাসিন্দা জগৎজ্যোতি সিলেটের মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ছাত্রলীগের বিগত কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এবং সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন। গণজাগরণ মঞ্চের (সিলেট) সংগঠকেরা জানান, জগৎজ্যোতি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের গণজাগরণ মঞ্চের নিয়মিত মুখ হওয়ায় গণজাগরণ মঞ্চকে ঘিরে ভীতি ছড়াতেই পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে। প্রতিদিন তিনি তরুণদের সংগঠিত করে একটি মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চে আসতেন। সর্বশেষ সাঈদীর ফাঁসির রায় ও ১ মার্চ পতাকা মিছিলে তাঁর অংশগ্রহণ ছিল সামনের সারিতে।গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণের সংগঠকেরা জগৎজ্যোতিকে ‘সিলেটে গণজাগরণের প্রথম শহীদ’ বলে ঘোষণা দেন। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় আজ সোমবার দুপুরে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে সিলেট গণজাগরণ মঞ্চ। একইভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যৌথভাবে দুই দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে গতকাল দুপুরে সমাবেশ করেছে। আজ শোক শোভাযাত্রা ও কালো ব্যাজ ধারণ করে জগৎজ্যোতির খুনি জামায়াত-শিবিরের ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানানো হবে। গতকাল সকালে সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে জগৎজ্যোতির ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে আখালিয়া শ্মশানঘাটে তাঁর দাহ সম্পন্ন হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাতে আখালিয়া এলাকায় ‘ঢাকা অটো ডিলার্স’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বসে চা খাচ্ছিলেন জগৎজ্যোতি। এ সময় তাঁর মাথা ও কোমরে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে চলে যায় হামলাকারীরা। হামলাকারীরা শিবিরের সশস্ত্র দল বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন। ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক দুলাল মিয়া জানান, আরেকজনসহ রাত সাড়ে আটটার দিকে জগৎজ্যোতি চা খাচ্ছিলেন। ঘণ্টা দেড়েক পর ২০-২৫ জন লোক মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসেই তাঁর ওপর হামলা চালায়। যাওয়ার সময় তারা পেট্রল ঢেলে গাড়িতে আগুন দিয়ে মদিনা মার্কেট দিয়ে পালিয়ে যায়।আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ‘সারা দেশে খুন ও নৈরাজ্য সৃষ্টি করে জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চায়। জগৎজ্যোতি খুন এ রকম একটি ঘটনা।’সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলার ধরন ও খুনের কারণ পর্যবেক্ষণ করছে। কারা হামলা করেছে, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করার সময় হয়নি।’ শিবিরের বিবৃতি: শনিবার রাতে সিলেট মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, জগৎজ্যোতি দলীয় কোন্দলে নিহত হয়েছেন। চাঁদার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁর গ্রুপের ক্যাডাররাই তাঁকে খুন করেছে। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কয়েকটি মহলথেকে শিবিরকে জড়িয়ে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছে।