মঞ্চে মন্ত্রীর ধূমপান!

পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা। প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি বক্তব্য দেওয়ার আগে মঞ্চে বসেই ধূমপান করেন। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকেরা পড়েন বিব্রতকর পরিস্থিতিতে। কিন্তু মন্ত্রীর হেলদোল নেই। গতকাল সোমবার সিলেটের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ঘটে এ ঘটনা।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে মন্ত্রী মঞ্চে ওঠেন। তাঁর পাশে বসা ছিলেন অনুষ্ঠানের সভাপতি বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আনাম। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন বিজিবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সুশিক্ষায় শিক্ষিত না হলে কখনো ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে অনেক কষ্ট করতে হয়। সুশৃঙ্খল জীবন গঠনের পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হয়। আর মা-বাবা ও শিক্ষকদের প্রতি ভক্তি-শ্রদ্ধা থাকতে হয়। কারণ, তাঁদের ভালোবাসা দেশকে ভালোবাসার সমান। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, তখন বিশেষ অতিথির বক্তব্য পর্ব চলছিল। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগে মঞ্চে নিজের আসনে বসে মন্ত্রীর ধূমপানের এ দৃশ্য দেখে অভিভাবক ও শিক্ষার্থীরা বিব্রত হন। তবে প্রকাশ্যে কেউ কিছু বলেননি। নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, মন্ত্রী কোনো কিছু পরোয়া না করেই ধূমপান করেন। এই অবস্থায় শুধু মঞ্চে নয়, মঞ্চের সামনে থাকা আমন্ত্রিত অতিথিরাও বিব্রতকর অবস্থায় পড়েন। আরেকজন অভিভাবক আক্ষেপ করে বলেন, জনসমক্ষে ধূমপান আইনত নিষিদ্ধ। সবচেয়ে বড় কথা, সামনে কোমলমতি শিক্ষার্থীরা ছিল। অথচ, মন্ত্রী ধূমপান শেষ করে বক্তব্য দেন। কলেজের অধ্যক্ষ ফয়জুল হক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য জানতে গত রাতে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তা বন্ধ পাওয়া গেছে।