মঞ্চের সামনে বসা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের গণসমাবেশের মঞ্চের সামনের দিকে বসা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিবিরের তিনজন কর্মী আহত হয়েছেন বলে সংগঠনের নেতারা জানিয়েছেন। ছাত্রদল বিএনপির ও ছাত্রশিবির জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন হিসেবে পরিচিত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। মঞ্চের সামনের দিকে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের জন্য নির্ধারিত স্থানে শিবিরের কর্মীদের অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নয়াপল্টনে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন। শিবিরের লোক বাড়তে থাকলে তাঁরা একপর্যায়ে মঞ্চের সামনে মহিলা দলের জন্য নির্ধারিত স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে শিবিরের কর্মীদের সঙ্গে মহিলা দলের কয়েকজন কর্মীর বাগিবতণ্ডা হয়। তাঁরা বিষয়টি উপস্থিত ছাত্রদলের নেতাদের জানান। এর পরই ছাত্রদলের কর্মীরা শিবিরের কর্মীদের সঙ্গে প্রথমে বাগিবতণ্ডা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। শিবিরের কর্মীরা ব্যানারের সঙ্গে থাকা বাঁশ নিয়ে ছাত্রদলের কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ছাত্রদলের কর্মীরাও পাল্টা হামলা চালান। সংঘর্ষ বড় আকার ধারণ করলে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম ও শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ মঞ্চে দাঁড়িয়ে নিজ নিজ কর্মীদের শান্ত হতে বলেন। কিন্তু পরিস্থিতি তাঁরা নিয়ন্ত্রণে আনতে পারেননি। এরপর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী মঞ্চ থেকে নিচে নেমে এসে দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।