মঞ্জু রানীর আশা পূরণ হলো না
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর গ্রামের রিকশাচালক শামছুল হকের বাড়িতে এখন মাতম চলছে। রানা প্লাজা ধসে শামছুল হকের স্ত্রী পোশাকশ্রমিক মঞ্জু রানী (৪৫) মারা যান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্জু রানীর লাশ কামালপুর গ্রামে পৌঁছায়। বৃহস্পতিবার রাতেই তাঁকে দাফন করা হয়।শামছুল হক গতকাল শুক্রবার জানান, স্ত্রী মঞ্জু রানীকে নিয়ে দেড় বছর আগে তিনি ঢাকায় যান। তিনি রিকশা চালাতেন। আর মঞ্জু রানা প্লাজার একটি পোশাক কারখানায় কাজ করতেন। মাস খানেক আগে মঞ্জু গ্রামের বাড়িতে এসে বড় মেয়ে শাফিয়া খাতুনের বিয়ে দিয়ে যান।রানা প্লাজা ধসের খবর পেয়ে শামছুল হক সেখানে ছুটে যান। স্ত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে যান। সেখানে লাশের সারিতে খুঁজে পান মঞ্জুর মৃতদেহ। তিনি বলেন, মঞ্জুর আশা ছিল আরও এক বছর কাজ করে ছোট মেয়ের বিয়ে দেবেন। সেই আশা পূরণ হলো না।