মঞ্জুর জেপি থেকে প্রার্থী ২৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন মঞ্জু
আনোয়ার হোসেন মঞ্জু

২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর দেশ ছেড়েছিলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে অংশও নেননি তিনি। আর, এবার দশম সংসদ নির্বাচনে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সাংসদ নির্বাচিত হয়ে গেছেন।
আওয়ামী লীগের কৃপা ছাড়া ছোট দলগুলোর নেতাদের এভাবে নির্বাচিত হওয়া সম্ভব হতো কি না—জানতে চাইলে আনোয়ার হোসেন মঞ্জু গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি আল্লাহর রহমতে সব সময় নির্বাচন করেই জয়ী হয়েছি। মেনন আর ইনুদের মতো “নৌকায়” আসিনি। আমার “সাইকেল” নিয়েই এসেছি।’
এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) থেকে বেরিয়ে ২০০১ সালে জাতীয় পার্টি (জেপি) নামে নতুন দল গঠন করেন আনোয়ার হোসেন মঞ্জু। এরপর দলটির কেউ আর সাংসদ নির্বাচিত হননি। গত নির্বাচনে আনোয়ার হোসেন অংশ না নিলেও তাঁর দলের সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু কেউ জিততে পারেননি। সাতজনে মিলে মোট সাত হাজার ৮১৮ ভোট পান মাত্র। সেই জেপি থেকে এবার ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের কেউ কেউ জেতারও আশা করছেন।
একতরফা এই নির্বাচনে সাংসদ হয়ে কেমন লাগছে? এ প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, প্রধান বিরোধী দল নির্বাচনে এল না, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচন করে নির্বাচন কমিশন। কিন্তু পৃথিবী বুঝল না, একটা জোট বোমা মেরে নির্বাচন ঠেকাতে চাচ্ছে। অন্যরা বলে, ’৮৬ সালে এরশাদ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেছেন। ’৯৬ সালে খালেদা জিয়া আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেছেন। এখন হয়তো শেখ হাসিনা ভাবছেন, তিনি পিছিয়ে থাকবেন কেন? সে জন্য বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করছেন।