মঞ্জুর সাজা বাতিলের আদেশ বহাল
সম্পদের হিসাব-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কারাদণ্ডাদেশের সাজা বাতিলের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দুদকের করা এ-সংক্রান্ত আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) গতকাল রোববার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০০৭ সালের ৭ অক্টোবর রাজধানীর ধানমন্ডি থানায় আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে এই মামলা করে দুদক। তাঁর বিরুদ্ধে প্রায় ২ কোটি ১০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ২০ মার্চ এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। পরে বিচারিক আদালত এই মামলায় মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আনোয়ার হোসেন মঞ্জু।