মঞ্জুর হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ২২ এপ্রিল তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার এম এ মঞ্জুর হত্যা মামলার নতুন করে যুক্তিতর্কের শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খন্দকার হাসান মাহমুদ ফিরোজ এ আদেশ দেন।

১০ ফেব্রুয়ারি বিচারক খন্দকার হাসান মাহমুদ ফিরোজ নতুন করে আজ শুনানির তারিখ ধার্য করেন। ওই দিন রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক পরিবর্তন হওয়ায় আদালত এই তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে আদালত রাষ্ট্র ও আসামিপক্ষকে এই মামলার দুই আসামি মেজর জেনারেল আবদুল লতিফ ও লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শামসের বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ সম্পর্কে সর্বশেষ অবস্থা কী, তা অবহিত করার আদেশ দেন।

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে ১৯ বছর ধরে চলমান এ মামলার অভিযোগপত্র অনুযায়ী, ১৯৮১ সালে তত্কালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়।

এ ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই বছরের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ, মেজর কাজী এমদাদুল হক, লে. কর্নেল শামসুর রহমান শামস ও লে. কর্নেল মোস্তফা কামাল উদ্দিন। ব্রিগেডিয়ার আজিজ ও নায়েক সুবেদার আবদুল মালেক মারা যাওয়ায় অভিযোগপত্রে তাঁদের আসামি করা হয়নি।

ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বিচার চলছে। আদালতের সর্বশেষ আদেশ অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু এর আগে গত ২৯ জানুয়ারি বিচারক পদে রদবদল করা হয়।