মঞ্জুর হত্যা মামলার তদন্তের সময় ফের বাড়ল
মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলায় আবার অধিকতর তদন্তের সময় বাড়িয়েছেন আদালত। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ আজ মঙ্গলবার আবার সময় চেয়ে আবেদন করেন। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আগামী ৯ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আজ এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আদালত সূত্র জানায়, তদন্ত কাজ শেষ করতে না পারায় সিআইডি নতুন করে সময় চেয়ে আবেদন করেছে।
আবেদনে বলা হয়, এই মামলার তদন্তকাজে তথ্য সংগ্রহের জন্য দেশ-বিদেশে যেতে হচ্ছে। তা ছাড়া গুরুত্বপূর্ণ সাক্ষীদের বর্তমান ঠিকানা সংগ্রহ এবং তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই সময় প্রয়োজন। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আজ এই মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। অধিকতর তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করা হয়। বিচারক খন্দকার হাসান মাহমুদ খান তা মঞ্জুর করেন।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এই মামলায় রায় ঘোষণার দিন ধার্য ছিল। তার আগেই ২৯ জানুয়ারি এই মামলার বিচারক পরিবর্তন হয়। ১০ ফেব্রুয়ারি নতুন বিচারক রায় ঘোষণার তারিখ প্রত্যাহার করে আবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। ২৭ ফেব্রুয়ারি এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য ছিল। ওইদিন রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে আদালত রায় ঘোষণার আদেশ প্রত্যাহার করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। ২২ এপ্রিল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত। ২২ এপ্রিল সময়ের আবেদন করা হয়। আদালত ১৫ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।
১৯৮১ সালে মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়। এ ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই বছরের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ, মেজর কাজী এমদাদুল হক, লে. কর্নেল শামসুর রহমান শামস ও লে. কর্নেল মোস্তফা কামাল উদ্দিন। ব্রিগেডিয়ার আজিজ ও নায়েক সুবেদার আবদুল মালেক মারা যাওয়ায় অভিযোগপত্রে তাঁদের আসামি করা হয়নি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচার চলছে।