মঞ্জুর হত্যা মামলার যুক্তিতর্ক ২৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। ২৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছেন আদালত।

গতকাল ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতার এই তারিখ নির্ধারণ করেন। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী এজলাসে মামলাটির বিচারকাজ চলছে।

১৮ বছর আগে দায়ের করা এই মামলার পাঁচ আসামির একজন হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল এরশাদের উপস্থিতিতে তাঁর আইনজীবী শেখ সিরাজুল ইসলাম আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এ সময় আরও দুই আসামিমেজর (অব.) কাজী এমদাদুল হক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়াও আদালতে হাজির ছিলেন। অপর দুই আসামি মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুর রহমান শামসের বিরুদ্ধে মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে।

এ মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ২৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হলে তারপর আদালত রায়ের তারিখ ধার্য করবেন।

এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ ২৮ জন সাক্ষী উপস্থাপন করেছে। তিনি তাঁর যুক্তিতর্কে তা খণ্ডন করেছেন। তিনি এইচ এম এরশাদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, তা যুক্তিতর্কে তুলে ধরেছেন এবং এরশাদের খালাস দাবি করেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) ছিলেন আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মঞ্জুরকে পুলিশ আটক করে। এরপর ২ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

ময়নাতদন্ত প্রতিবেদন এবং মৃত্যুসনদপত্র পেতে বিলম্ব হওয়ায় ঘটনার ১৪ বছর ১৯৯৫ সালে ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ ১৯৯৫ সালের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।