মঞ্জুর হত্যা মামলার রায় ১০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজর জেনারেল এম এ মঞ্জু
মেজর জেনারেল এম এ মঞ্জু

মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার দিন আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষের অধিকতর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতার রায়ের এই দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ২৪ নভেম্বর এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন আদালত অধিকতর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।
মেজর জেনারেল মঞ্জুরকে ১৯৮১ সালের ২ জুন হত্যা করা হয়। এ ব্যাপারে হত্যা মামলা হয় ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি। ওই বছরের ২৭ জুন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই হত্যাকাণ্ডের প্রায় সাড়ে ৩২ বছর এবং মামলা করার প্রায় ১৯ বছর পর এ রায় হচ্ছে।
মামলাটি দীর্ঘদিন ঝুলে ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সরকারের সময়ে এরশাদের রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে এ মামলার গতি-প্রকৃতি বদলেছে। সর্বশেষ গত বছরের মাঝামাঝি সময়ে মামলাটির বিচারকাজে গতি সঞ্চার হয়। মঞ্জুর হত্যা মামলায় গত বছরের ৩০ মে সাক্ষ্য-জেরা শেষ হয়। তবে এরপর যুক্তি-তর্কের তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল এরশাদসহ মামলার তিনজন আসামি আদালতে হাজির ছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বেলা ১১টার দিকে জাতীয় পতাকাবাহী গাড়ি ও প্রটোকল নিয়ে বিশেষ এজলাস প্রাঙ্গণে আসেন। তাঁর সঙ্গে ছিলেন ভাই জি এম কাদের, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান ও নুরুল ইসলাম। এজলাসে এরশাদ স্বাভাবিক ছিলেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন মোহাম্মদ আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মঞ্জুরকে পুলিশ আটক করে। ২ জুন তাঁকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ২৭ জুন এরশাদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি।
অভিযোগপত্রভুক্ত অপর চার আসামি হলেন মেজর (অব.) কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া, মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুর রহমান শামস। তাঁদের মধ্যে শেষোক্ত দুজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে।
গতকাল এরশাদ ছাড়াও কাজী এমদাদুল ও মোস্তফা কামাল উদ্দিন আদালতে হাজির ছিলেন। এরশাদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান খান।
পরে আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর মামলাটির বিচার নিষ্পত্তির জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয়। ২০০১ সালে ক্ষমতায় আসা বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে এ মামলার গতি কমে যায়। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় এলে মামলায় গতি আসে। ২০১২ সালে তিনি এ মামলায় সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব নেন।
এরশাদের আইনজীবী বলেন, এ মামলার এজাহারে এরশাদের নাম ছিল না। তদন্তে তাঁর নাম এসেছে। তিনি গতকাল আদালতে বলেন, মঞ্জুর হত্যার সঙ্গে এরশাদের কোনো সম্পৃক্ততা ছিল না। রাষ্ট্রপক্ষের ২৮ সাক্ষীর কেউ বলেননি যে এই হত্যার ঘটনায় এরশাদ জড়িত ছিলেন। জেনারেল মঞ্জুরকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য তৎকালীন সরকার রেডিও ও টিভিতে ঘোষণা দিয়েছিল।
শেখ সিরাজুল ইসলাম বলেন, জেনারেল মঞ্জুর ধরা পড়ার পর তাঁকে চট্টগ্রাম সেনানিবাসে আনার পথে বিক্ষুব্ধ ব্যক্তিরা জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে নিরাপত্তা প্রহরীর সঙ্গে গুলিবিনিময় হয়। এতে মঞ্জুর গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’ এরশাদ এই হত্যার সঙ্গে জড়িত নন দাবি করে তিনি এরশাদকে খালাস দেওয়ার আরজি জানান।
এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয়-সংক্রান্ত দুর্নীতির মামলাটি ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।