মঞ্জুর হত্যা মামলায় আদালতে এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েছেন এর প্রধান আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ঢাকা কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে গতকাল রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিতর্কের জন্য শুনানির দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৮ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।এরশাদের প্রধান কৌঁসুলি শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাধারণত যুক্তিতর্ক চলা পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সময় প্রার্থনা করেন না। রাষ্ট্রপক্ষ এ বছর মোট চারবার সময় চেয়ে আবেদন করেছে। ১৮ বছর ধরে এ মামলাটি চলছে। বিচারিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চললে কোনো মামলার নিষ্পত্তি হতে এত সময় লাগে না।১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর সদস্যদের হাতে নিহত হন। পরদিন আটক হওয়া সেনাবাহিনীর চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার (জিওসি) আবুল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে গুলি চালিয়ে হত্যা করা হয় তাঁকে।