মঞ্জুর হত্যা মামলায় কাহার আকন্দকে জেরা অব্যাহত
মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে গতকাল বুধবারও জেরা করেছেন এইচ এম এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম।গতকাল বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক জেসমিন আরা এই জেরা ও শুনানি গ্রহণ করেন। আসামিপক্ষের জেরা শেষ না হওয়ায় আদালত ২৪ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন।রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, গতকাল এই মামলার প্রধান আসামি সাবেক রাষ্ট্রপতি এরশাদ, মেজর (অব.) কাজী এমদাদুল হক ও লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া আদালতে উপস্থিত ছিলেন।অপর দুই আসামি মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও লে. কর্নেল (অব.) শামসুর রহমান শামসের বিরুদ্ধে মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে।মঞ্জুর হত্যা মামলায় ৪৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এরপর সেনানিবাসেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগে ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি জেনারেল মঞ্জুরের বড় ভাই আবুল মনসুর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই বছরের ১৫ জুলাই তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ অভিযোগপত্র দেন।