মঞ্জুর হত্যার ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যার ন্যায়বিচারের দাবিতে গতকাল রোববার রাজধানীতে মানববন্ধন করেছে শহীদ আসাদ পরিষদ৷ তাঁর হত্যার ৩৩তম বার্ষিকীতে সুপ্রিম কোর্টের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হলেও পুলিশের বাধার কারণে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়৷
মানববন্ধনে বক্তারা বলেন, বীর উত্তম মঞ্জুরের হত্যার বিচার ৩৩ বছরেও না হওয়া জাতির কপালে একটি কলঙ্ক তিলক৷ তাঁরা চলমান বিচারকাজ অবিলম্বে শেষ করে ন্যায়বিচারের দাবি জানান৷
১৯৮১ সালের ১ জুন চট্টগ্রাম সেনানিবাসে সামরিক হেফাজতে মঞ্জুরকে হত্যা করা হয়৷ এ ঘটনায় ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর ভাই আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন৷ গত ১৯ বছরেও এ মামলার বিচার শেষ হয়নি৷
বক্তারা মঞ্জুর হত্যার পর ষড়যন্ত্রমূলকভাবে সামরিক আদালতে ব্রিগেডিয়ার জেনারেল মোহসীন উদ্দিন বীর বিক্রমসহ ১৩ জন মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ঘটনা পুনঃ তদন্তেরও দাবি জানান৷ মানববন্ধনে শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা শফিউর রহমান, ভাস্কর রাসা, কলাম লেখক মমতাজ লতিফ বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি৷