মঞ্জুর হত্যার ৩১ বছর পর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল মঞ্জুর হত্যার ৩১ বছর পর তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ আদালতে সাক্ষ্য দিলেন।ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ জজ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল রোববার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বোরহান উদ্দিন আহমেদ সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৮ ফেব্রুয়ারি জেরার জন্য দিন ধার্য করেন। এর আগে এ মামলায় ২৭ জন সাক্ষ্য দেন।গতকাল মামলার প্রধান আসামি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, মেজর (অব.) কাজী এমদাদুল হক, লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া আদালতে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান খান বলেন, এ মামলায় অনেক সাক্ষীকে পাওয়া যায়নি। মামলা চলাকালীন সময়ে অনেকেই মারা গেছেন। এজাহারে বলা হয়, ১৯৮১ সালের ১ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে হত্যা করা হয়।