মঞ্জুর হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবি
মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ সাজা দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলাকে সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এ ছাড়া বিচারবহির্ভূত হত্যায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহির আওতায় আনাসহ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব বিচারবহির্ভূত হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছে বিএনপির সমর্থক মুক্তিযোদ্ধাদের এই সংগঠনটি। গত জানুয়ারি মাসে দেশে ৩৯টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে বলে লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাত, জাফরুল্লা চৌধুরী, সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ। বিজ্ঞপ্তি।