মঞ্জুরির ১৯৪ কোটি টাকার চেক হস্তান্তর করেছে ভারত
২০০ মিলিয়ন (২০ কোটি) মার্কিন ডলারের প্রতিশ্রুত মঞ্জুরির ২৫ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৪ কোটি টাকা) চেক গতকাল সোমবার বাংলাদেশকে দিয়েছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে এই চেক তুলে দেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চেকটির মাধ্যমে ২০০ মিলিয়ন মঞ্জুরির চতুর্থ চেক হস্তান্তর করেছে ভারত। আর এ পর্যন্ত ছাড় করা হয়েছে ১৭৫ মিলিয়ন ডলার।
বাংলাদেশকে দেওয়া এক বিলিয়ন (১০০ কোটি) ডলার ঋণ চুক্তির মধ্যে ২০০ মিলিয়ন ডলার মঞ্জুরি দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ২০১২ সালের মে মাসে ঢাকা সফরের সময় নয়াদিল্লি এ সিদ্ধান্তের কথা জানায়। প্রণব মুখার্জি ভারতের অর্থমন্ত্রী থাকার সময় ২০১১ সালের আগস্টে ঢাকায় চুক্তিটি সই হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের বৈঠকে ৮০০ মিলিয়ন ডলারের আওতায় চলমান ১৫টি প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন পঙ্কজ সরন। ভারতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক মনোভাবের জন্য তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।