মঞ্জুরুল ইমাম হত্যার ন্যায়বিচার দাবি
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবার আগে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর হত্যা, সন্ত্রাস, লুটতরাজ হলেও এর কোনো বিচার হয়নি। এসব কারণেই দেশে কার্যত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি।বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেছেন। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার খুলনার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, কালো আইনের মাধ্যমে জাতির জনকের হত্যার বিচারকে স্তিমিত করে রাখা হয়েছিল। আজ মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে। এভাবে ধারাবাহিকতা রক্ষা করে সব বিচারকাজ সম্পন্ন করা হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবেই। তাঁরা বলেন, দীর্ঘ আট বছর অতিক্রান্ত হলেও অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম হত্যা মামলার ন্যায়বিচার খুলনাবাসী পায়নি। আজ মঞ্জুরুল ইমাম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হলে আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম, মঞ্জুর মোর্শেদ খান, যুবলীগের নেতা শহীদ ইকবালের মতো নেতাদের অকালে জীবন দিতে হতো না। এসব হত্যাকাণ্ডের সঠিক বিচার হলে খুলনায় রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ হবে।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা শেখ হায়দার আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আবদুল হাদী, মল্লিক আবিদ হোসেন, এম ডি এ বাবুল রানা, অধ্যাপক আলমগীর কবীর, শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক, মো. মাহবুব আলম, খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আজমল আহমেদ, আবুল কালাম আজাদ প্রমুখ।মঞ্জুরুল ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরও নানা কর্মসূচি পালিত হয়। সকালে দলীয় কার্যালয় থেকে শোকযাত্রা বের করে শামসুর রহমান রোডে গিয়ে শহীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সেখানে মরহুমের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নগরের বয়রায় মরহুমের কবর জিয়ারত শেষে পাশের মসজিদে এবং বাদ জোহর দলীয় কার্যালয়-সংলগ্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, ২০০৪ সালের ২৫ আগস্ট সকালে মঞ্জুরুল ইমাম ও তাঁর সহকারী আইনজীবী বিজন বিহারী মণ্ডল নগরের সামছুর রহমান রোডের বাড়ি থেকে রিকশাযোগে আদালতে যাচ্ছিলেন। পথে বাড়ির অদূরেই সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় বিজন বিহারী মণ্ডল ও রিকশাচালক সাইদুল ইসলাম আকন্দও নিহত হন। এই ঘটনায় দুটি মামলা হয়। হত্যা মামলায় সব আসামি খালাস পান। আর বিস্ফোরক মামলায় শুকুর গাজী নামের এক আসামির ফাঁসির দণ্ডাদেশ হয়। উভয় মামলায় আসামি ছিলেন মোট চারজন।