মঞ্জুরের পক্ষে নামছেন নোমান, মহিউদ্দিনের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মঞ্জুর আলমের পক্ষে মাঠে নামছেন দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। কাল বৃহস্পতিবার তিনি হালিশহরে একটি কমিউনিটি সেন্টারে মঞ্জুরকে নিয়ে সমন্বয় সভা করবেন বলে জানা গেছে।এদিকে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার কাট্টলি ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন। অপর মেয়র পদপ্রার্থী মঞ্জুরের বাড়ি কাট্টলিতে। আর মঞ্জুর গণসংযোগ করেন রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকায়।মহিউদ্দিন চৌধুরীর গণসংযোগ: মহিউদ্দিন চৌধুরী প্রায় সারা দিন মঞ্জুরের বাসার আশপাশের এলাকায় নির্বাচনী প্রচার চালান। তিনি ওই এলাকায় বলেন, ‘এই জায়গায় আমি আগেও উন্নয়ন করেছি, আগামীতেও করব।’ মঞ্জুরের নিজ ওয়ার্ড উত্তর কাট্টলীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে মহিউদ্দিন আবারও তাঁকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।সকালে মহিউদ্দিন ঈদগা, মনছুরাবাদ, ওয়াপদা কলোনি ও আশপাশের এলাকায় গণসংযোগের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন। পরে তিনি পার্শ্ববর্তী সরাইপাড়া, দক্ষিণ আগ্রাবাদ ও দক্ষিণ পতেঙ্গায় গণসংযোগ এবং একাধিক সমাবেশ করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও করেন। তিনি রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ করেন। নোমানের সঙ্গে মঞ্জুরের সাক্ষাৎ ও গণসংযোগ: সূত্র জানায়, বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর গত সোমবার গভীর রাতে ভিআইপি টাওয়ারে বিএনপির কেন্দ্রীয় নেতা নোমানের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। মঞ্জুর এর আগে ২৩ মে রাতেও নোমানের সঙ্গে দেখা করেন। দলীয় সূত্র জানায়, সোমবার রাতের সাক্ষাতের পর নোমান মঞ্জুরের পক্ষে মাঠে নামতে রাজি হয়েছেন। এ বিষয়ে জানার জন্য গতকাল বিকেলে যোগাযোগ করা হলে নোমান ঢাকায় সেমিনারে আলোচক হিসেবে রয়েছেন বলে জানানো হয়। তাঁর একান্ত সচিব নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘স্যারের (নোমান) নির্দেশে আমি বৃহস্পতিবার বিকেলের জন্য পাহাড়তলীর ডায়মন্ড কমিউনিটি সেন্টার বুকিং দিয়েছি। ওই দিন তিনি মঞ্জুরের পক্ষে কাজ করতে তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৯ আসনের নেতা-কর্মীদের নিয়ে সমম্বয় বৈঠক করবেন।’গণসংযোগ: মঞ্জুর গতকাল সকালে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর পল্টন রোডের বাসায় যান। তিনি জহুর আহমদ চৌধুরীর ছেলে ও নগর আওয়ামী লীগের নেতা মাহতাবউদ্দিন চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি জহুর আহমদ চৌধুরী ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের কবর জিয়ারত করেন।বিকেলে মঞ্জুর রিয়াজউদ্দিন বাজারে গণসংযোগ করেন। তিনি ১৭ জুনের নির্বাচনে ভোট দিতে স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আবেদন জানান। এরপর তিনি দেওয়ানবাজারে নগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে যান। সেখানে তিনি জামায়াতসহ ১০ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।