মঠপ্রধান হত্যায় গ্রেপ্তার তিনজন ১৫ দিনের রিমান্ডে
পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যার ঘটনায় করা দুই মামলায় গ্রেপ্তার হওয়া তিনজনের ১৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. মার্জিয়া খাতুন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
পুলিশ গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি খলিলুর রহমান (৬০), বাবুল হোসেন (৩২) ও জাহাঙ্গীর আলমকে (৩৫) আজ আদালতে হাজির করে। হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত প্রত্যেকের ১৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী তিনজনের এই রিমান্ড মঞ্জুরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা গ্রামে করতোয়া নদীর পাড়ে অবস্থিত সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গত রোববার সকালে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। মঠের সেবায়েত গোপাল চন্দ্র রায় (৩২) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ওই দিনই একটি হত্যা মামলা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়। পুলিশ ওই দিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খলিলুর, বাবুল ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতারের দাবি, খলিলুর ও বাবুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। খলিলুর ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার আসামি ছিলেন। পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান। জাহাঙ্গীর শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি নাশকতার ঘটনায় করা মামলার আসামি।
আরও পড়ুন: