মঠপ্রধান হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে
পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে গলা কেটে হত্যা করার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ শনিবার রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁরা হলেন আলমগীর হোসেন, রমজান আলী ও হারিজ আলী। পুলিশ তাঁদের আদালতে হাজির করে পৃথক মামলায় জিজ্ঞাসাবাদে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে স্থানীয় আমলি আদালত-২ এ তিন আসামিকে হাজির করে হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক মামলায় তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুন অস্ত্র নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আট দিন ও হত্যা মামলার ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন সরকারি কৌঁসুলি আমিনুর রহমান ও কোর্ট পরিদর্শন রবিউল ইসলাম খান। আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না।
এর আগে গত মঙ্গলবার একই মামলার গ্রেপ্তার হওয়া অন্য তিন আসামি খলিলুর রহমান, বাবুল হোসেন, জাহাঙ্গীর আলমকে হত্যা মামলায় ১০ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। শুনানিতে এঁদের জেএমবির সদস্য হিসেবে উল্লেখ করা হয়।
২১ ফেব্রুয়ারি সকাল সাতটায় দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মঠের একজন সাধু আহত হন। ওই দিন রাতে ওই এলাকায় নিজ নিজ বাড়ি থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য খলিলুর রহমান ও বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম (৩০) নামের ছাত্রশিবিরের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। ওই দিন এ ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে জানিয়েছিল ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবির বলেন, আইএস জঙ্গি নয়, জেএমবির সদস্যরা এ ঘটনায় জড়িত। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, এর আগে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা এবং দিনাজপুরে খ্রিষ্টান পাদরি ও হোমিও চিকিৎসককে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রের সঙ্গে পঞ্চগড়ে উদ্ধার করা অস্ত্রের মিল রয়েছে।
ডিআইজি হুমায়ুন বলেন, তাঁরা হত্যাকাণ্ডের পুরো রহস্য উদঘাটন করতে পেরেছেন। হত্যাকাণ্ডে মোট আটজন জড়িত ছিলেন। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকেও শিগগিরই ধরা হবে।
আরও পড়ুন: