মঠপ্রধানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩, মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত এবং একজন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। তা ছাড়া এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার সেখানে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
দেবীগঞ্জের সোনাপাতা এলাকার শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গত রোববার সকালে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাদের গুলিতে মঠের সাধু গোপাল চন্দ্র রায় গুলিবিদ্ধ হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
গোপালের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সৈয়দ আবু তালেব জানান, গুলিবিদ্ধ হাতে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হওয়ায় এবং হাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তাঁকে বিকেলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক অ্যান্ড ভারচুকুলার ডিজিস হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তবে আইএসের দায় স্বীকারকে নাকচ করে দিয়ে পুলিশ বলেছে, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, এ ঘটনায় হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হওয়ার পর রোববার রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের খলিলুর রহমান (৪৫), একই উপজেলার প্রধানপাড়া গ্রামের বাবুল হোসেন (৩৫) এবং উপজেলা সদরের জাহাঙ্গীর আলম (৩০)। রোববার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওসি বাবুল আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খলিলুর ও বাবুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত। আর জাহাঙ্গীর শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং নাশকতার মামলার আসামি।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহ্মদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করছি, শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’
বিক্ষোভ মানববন্ধন: গতকাল সকালে দেবীগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে উপজেলা সদরের বিজয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাবেশ করে।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরুজ্জামান, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তোরাব সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চিশতী, উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা এমরান আল আমীন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র রায়, সংগঠনটির নীলফামারী জেলা শাখার সভাপতি গোড়া চাঁদ অধিকারী প্রমুখ বক্তৃতা করেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্যই জামায়াত-শিবির এবং মৌলবাদী জঙ্গিগোষ্ঠীগুলোই এ ঘটনা ঘটিয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তাঁরা।
গতকাল শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠে গিয়ে দেখা যায় সুনসান পরিবেশ। চারজন পুলিশ পাহারা দিচ্ছে। পূজারি ও ভক্ত আছেন মাত্র কয়েকজন। মঠের পূজারি রাধা মাধব দাস বলেন, ‘সকালে মঙ্গলা আরতি হয়েছে এবং গুরুর জন্য প্রার্থনা করা হয়েছে। পুলিশ পাহারায় ছিল এবং টহল পুলিশও এসেছিল। কিন্তু আতঙ্ক কাটেনি।’
উদ্বেগ ও নিন্দা: মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা এবং সাধু গোপাল চন্দ্র রায়কে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ ও সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি ওই ঘটনার দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেওয়ারও দাবি জানায়।