পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি হিন্দু মঠের অধ্যক্ষকে হত্যা ও দেশব্যাপী শিশুহত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করেছে সনাতন ধর্ম পরিষদ।
সনাতন ধর্ম পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে ও সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলি, প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক দ্বৈপায়ন শিকদার, মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক সজীব কুমার ঘোষ। মানববন্ধন সঞ্চালনা করেন সনাতন ধর্ম ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৌরভ কুমার মিত্র।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিকভাবে নির্যাতন চলছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষকে হত্যা করা হয়েছে। সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হওয়ায় দেশব্যাপী এই ধরনের হত্যাকাণ্ড চলছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে মানুষের নৈতিকতা হারিয়ে যাচ্ছে। এই কারণে দেশে শিশুহত্যা বেড়ে গেছে।
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইস্কনের: পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) চট্টগ্রাম শাখার নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইস্কনের আঞ্চলিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ প্রমুখ।
ইস্কনের নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে। ধারাবাহিকভাবে সংঘটিত ঘটনাগুলো সরকার উপেক্ষা করছে বলে মনে হচ্ছে।