মঠবাড়িয়ায় অপহূত স্কুলছাত্রী পাঁচ দিন পর উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বড়হারজী গ্রামের এক বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়হারজী গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়।
উদ্ধার হওয়া স্কুলছাত্রী অভিযোগ করেন, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে একই গ্রামের মৃত আবুল কালমের ছেলে মো. শামীম (১৯) তাকে উত্ত্যক্ত করতেন। তাঁর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে শামীম ও তাঁর চার বন্ধু তাকে অপহরণ করেন। এরপর মোটরসাইকেলে তুলে তাকে ওই বাড়িতে নিয়ে আটকে রাখে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহামঞ্চদ আবু জাহিদ জানান, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তার বাবা গত মঙ্গলবার রাতে শামীমসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।