মঠবাড়িয়ায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার
অপহরণের ২০ ঘণ্টা পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রাম থেকে গতকাল বুধবার বিকেলে মো. নাসিম (১৪) নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ৷ গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া বাজার এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে৷
পুলিশ ও নাসিমের পারিবারের সদস্যরা জানান, তালতলী উপজেলার তাঁতীপাড়া গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে ও স্থানীয় লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেিণর ছাত্র নাসিম মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে লাউপাড়া বাজারে যায়৷ লাউপাড়া বাজারসংলগ্ন বিদ্যালয়ের মাঠ থেকে সন্ধ্যায় একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহেলসহ (১৭) সাতজন নাসিমকে অপহরণ করে৷ এ সময় নাসিমকে মোটরসাইকেলে তুলে বরগুনা শহরের কলেজ পাড়ায় নিয়ে একটি বাড়িতে রাখা হয়৷ সেখান থেকে তাকে মঠবাড়িয়া উপজেলায় তুষখালী গ্রামের দুলাল আকনের বাড়িতে আনা হয়৷ গতকাল বিকেল তিনটার দিকে নাসিমকে ওই বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ৷ এ সময় অপহরণের অভিযোগে সোহেলকে আটক করা হয়৷