মঠবাড়িয়ায় আ.লীগ নেতার চাতালে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের মনোনয়নপত্র কেনায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষ। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহজাহান হাওলাদার আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত সোমবার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামে অবস্থিত শাহজাহান হাওলাদারের চাতালে দলের আরেক মনোনয়নপ্রত্যাশী মহিউদ্দিন মহারাজের সমর্থকেরা তালা ঝুলিয়ে দেন। রাতে চাতালটি আবার খুলে দেওয়া হয়।
মহিউদ্দিন মহারাজের ছোট ভাই মিরাজ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন বরং খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়ে তালা খুলে দিয়েছি।’ ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে চাতালটি খোলা পায়।