মঠবাড়িয়ায় ডাকাত সন্দেহে চোখে আঘাত, নিহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ডাকাত সন্দেহে দুজনের চোখে আঘাত করেছে গ্রামবাসী। এঁদের মধ্যে মোস্তফা ঘরামী (৪৭) নামের একজন মারা গেছেন। উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনা সম্পর্কে পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, পশ্চিম মিঠাখালী গ্রামের সৌদি আরব প্রবাসী শাহ আলমের বাড়িতে গতকাল রাত আটটার দিকে পাঁচজন সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে আড়াই লাখ টাকা, ২১ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস লুটে নেয়।
ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় শাহ আলমের ছেলে মো. রুবেলের চিত্কারে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। তবে এতে কেউ আহত হয়নি। একপর্যায়ে গ্রামবাসী তিন ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে দুটি গুলি ও শটগান উদ্ধার করা হয়। বিক্ষুব্ধ গ্রামবাসী মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মোস্তফা ঘরামী (৪৭), নোমান গাজী (৩৫) ও ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের শাহজাহান ফরাজীকে (৫৫) মারধর করে। গ্রামবাসী মোস্তফা ও শাহজাহানের চোখে আঘাত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জালাল উদ্দিন আহমেদ জানান, আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতে ডাকাতি ও অস্ত্র আইনে তিনজনের নাম উল্লেখসহ ছয়জনের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে।