পিরোজপুরে তারেকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’, ‘পাকবন্ধু’ ও ‘শখের বন্দী’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে মানহানি মামলা হয়েছে। বিচারক ওই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
আজ সোমবার পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) আলাউদ্দিন খান বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল বাসারের আদালতে মামলাটি করেন। শুনানি শেষে বিচারক তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলায় মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সমীর কুমার, পিরোজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পোদ্দারসহ ১৪ জনকে সাক্ষী করা হয়।
একই আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন। শুনানি শেষে বিচারক অভিযোগটি এজাহার হিসেবে মামলা নেওয়ার জন্য (এফআইআর) পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।