মঠবাড়িয়ায় সড়কের ওপর পশুর হাট, দুর্ভোগ
দীর্ঘদিন ধরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দরে সড়কের ওপর বসছে পশুর হাট। মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের ওপর প্রতি বুধবার হাট বসায় ওই সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কজুড়ে কোরবানির পশুর হাট বসায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
দক্ষিণ বন্দর এলাকার ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘বড়মাছুয়া স্টিমার ঘাট, মহিউদ্দিন আহমেদ মহিলা মহাবিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি ক্লিনিকে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কটিতে গরুর হাট বসায় যানবাহন তো দূরের কথা, মানুষের চলাচলেও কষ্ট হচ্ছে। আমরা গরুর হাটটি অন্যত্র সরিয়ে নিতে পৌরসভার মেয়রকে বারবার অনুরোধ করেও কোনো ফল পাইনি।’
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ বন্দরের স্বর্ণকারপট্টি থেকে জামে মসজিদ পর্যন্ত প্রায় ৪০০ গজ সড়ক ও আশপাশের গলিজুড়ে পশুর হাট বসেছে। রূপালী ব্যাংকসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গরুর বর্জ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। স্বল্পপরিসরের এই জায়গায় বিক্রির জন্য কয়েক হাজার পশু ওঠায় ব্যাপারীরাও দুর্ভোগে পড়েছেন। পশুর হাট দিয়ে রিকশা, মোটরসাইকেল কোনোরকমে চলাচল করছে। রিকশাচালক কামাল হোসেন বলেন, রাস্তার ওপর কোরবানির পশুর হাট বসায় এক সপ্তাহ ধরে রিকশা চালানো যাচ্ছে না।
এলাকাবাসী জানান, কোরবানির সময় এখানে গরুর হাট বসায় দক্ষিণ বন্দর এলাকার পুরো সড়ক নোংরা হয়ে গেছে। পরিবেশ দূষিত হয়ে পড়েছে।
পশুর হাটের ইজারাদার ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মঞ্জুর রহমান সিকদার বলেন, এখানে ব্রিটিশ আমল থেকে শত বছরের বেশি সময় ধরে পশুর হাট বসে আসছে। সে সময়ে এ এলাকায় জনবসতি ও দোকানপাট তেমন না থাকায় সমস্যা হয়নি। এখন জনবসতি ও ব্যবসাপ্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়ায় হাটটি স্থানান্তর করা প্রয়োজন। তবে বিকল্প জায়গা না থাকায় তা করা যাচ্ছে না।
মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ বলেন, ‘দক্ষিণ বন্দর থেকে গরুর হাটটি সরিয়ে দক্ষিণ মিঠাখালী গ্রামে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে দক্ষিণ মিঠাখালীর প্রস্তাবিত গরুর হাটের জায়গা নিয়ে সদর ইউনিয়ন পরিষদের সঙ্গে পৌরসভার মামলা চলায় হাটটি স্থানান্তর করা যাচ্ছে না।’