মঠবাড়িয়ায় সন্তানদের বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সন্তানদের বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। গত শনিবার মিরুখালী গ্রামের ধোপর খালে ওই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম হাসিনা বেগম (৩৫)। তিনি মিরুখালী গ্রামের ইউনুস আলীর স্ত্রী।
ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হাসিনা বেগমের দুই সন্তান ফজিলা আক্তার (৮) ও আমিনুল ইসলাম (৯) বাড়ির পাশের খালে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী এক শিশুর সঙ্গে তারা খালে সাঁতার কাটছিল। একপর্যায়ে জোয়ারের পানির স্রোতে ওই তিন শিশু ভেসে যায়। ঘটনাটি দেখে হাসিনা খালে ঝাঁপ দেন। কিন্তু তিনি স্রোতের তোড়ে ডুবে যান। এরপর তাঁর স্বামী ইউনুস খালে ঝাঁপ দিয়ে তিন শিশুকে উদ্ধার করেন। এ সময় হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ইউনুস আলী বলেন, শিশুদের উদ্ধার করতে গিয়ে হাসিনার দিকে খেয়াল করা হয়নি। পরে এক ঘণ্টা পর তাঁর লাশ পাওয়া যায়।
মিরুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।