মঠবাড়িয়ায় 'জিনে ধরা' আতঙ্ক কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বিদ্যালয়ে ‘জিনে ধরা’ আতঙ্ক কাটছে না। গত পাঁচ মাসে শতাধিক ছাত্রী ও তিন নারী শিক্ষক জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় আলেম ও ফকিরদের দিয়ে জিন তাড়ানোর উদ্যোগ নিলেও তাতে কোনো ফল হয়নি।
স্থানীয় লোকজন বলছেন, জিনের আছর পড়ায় ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এটি গণমনস্তাত্ত্বিক রোগ। নিয়মিত পরামর্শ দেওয়া হলে রোগী ভালো হয়ে যায়। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল মঠবাড়িয়া পৌর শহরের কে এম লতিফ ইনস্টিটিউশনের সাত ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর দুই মাসে ৫০ জন ছাত্রী ও তিন নারী শিক্ষক চেতনা হারান। এ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ায় জুন মাসে মাওলানা ও ফকির ডেকে জিন তাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
এরপর চারবার জিন তাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও ছাত্রীরা একইভাবে অসুস্থ হয়ে পড়তে থাকে। এ কারণে গত বুধবার রাতে কয়েকজন আলেমের পরামর্শে বিদ্যালয়ের একটি কক্ষে ২০-২৫ জন অসুস্থ ছাত্রীকে জড়ো করে জিন তাড়ানোর চেষ্টা করা হয়। এ সময় সুস্থ হওয়ার বদলে আরও ৮-১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবারও এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
দশম শ্রেণীর আইরিন জাহান জানায়, চোখের সামনে ভয়ংকর কিছু দেখে তারা আতঙ্কে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর তারা আর কিছু মনে করতে পারে না।
কয়েকজন অভিভাবক জানান, বাড়িতে নিয়ে আসার পর তাঁদের মেয়েরা আগের ঘটনা ভুলে যায়। এটা বদ জিনের কাজ হতে পারে।
প্রধান শিক্ষক মোস্তফা জামান খান বলেন, শিক্ষার্থীরা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ায় তাঁরা উদ্বিগ্ন। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী ছাত্রীদের কাউন্সেলিং করার পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে স্থানীয় লোকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলে জিন তাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও পিরোজপুরের সিভিল সার্জনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এটা গণমনস্তাত্ত্বিক রোগ। সাধারণত বয়ঃসন্ধিকালে মেয়েরা এ রোগে আক্রান্ত হয়। না খেয়ে বিদ্যালয়ে এলে, শরীর দুর্বল থাকলে অথবা অন্য শারীরিক সমস্যার কারণে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে আতঙ্কে অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা দেওয়ার পর রোগী সুস্থ হয়ে ওঠে। শিক্ষকদের এ ব্যাপারে ছাত্রীদের নিয়মিত পরামর্শ দেওয়ার জন্য বলা হয়েছে। সাধারণ মানুষের এ রোগ সম্পর্কে তেমন ধারণা নেই। তাই তাঁরা গুজব ছড়াচ্ছেন।
সিভিল সার্জন আবদুল গনি বলেন, ‘ওই বিদ্যালয় থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর আবেদনের চিঠি পেয়েছি। সুপারিশ করে চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।’
ওই বিদ্যালয়ে গত কয়েক মাসে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় গত ৯ জুলাই প্রথম আলোয় ‘জিনে ধরা আতঙ্কে বিদ্যালয় বন্ধ’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।