মঠবাড়িয়ার তিন গ্রামে নলকূপ নেই, বৃষ্টির পানিই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেশ্বর নদ-তীরবর্তী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া, খেতাছিড়া ও চরভোলমারা গ্রামে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গ্রামগুলোয় কোনো নলকূপ না থাকায় এলাকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় ব্যক্তিরা জানান, নলকূপ না থাকায় এত দিন এলাকার লোকজন বালুর ফিল্টার (পিএসএফ) ও পুকুরের পানি ফুটিয়ে পান করত। কয়েক দিন ধরে অস্বাভাবিক জোয়ারে গ্রামগুলো প্লাবিত হয়ে শৌচাগারের মলমূত্র পুকুরের পানিতে মিশে যায়। ফলে গৃহস্থালির কাজ ও খাওয়ার পানির জন্য লোকজনকে বৃষ্টির পানির ওপর নির্ভর করতে হচ্ছে।

উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের মোতালেব ফরাজী জানান, বালুর ফিল্টারের পুকুরটি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। মলমূত্র পানিতে মিশে এলাকা সয়লাব হওয়ায় পুকুরের পানি পানের অযোগ্য হয়ে পড়েছে। খাওয়ার পানির চাহিদা মেটাতে এখন বৃষ্টির পানি ও আশপাশের দু-একটি বালুর ফিল্টারই একমাত্র ভরসা।

সোমবার দুপুরে সরেজমিনে জানা গেছে, কচুবাড়িয়ার ১২টি বালুর ফিল্টারের ১০টিই অকেজো। খেতাছিড়া গ্রামে দুটি বালুর ফিল্টার থাকলেও চরভোলমারায় কোনো ফিল্টার নেই। গ্রামের লোকজন হাতে গোনা কয়েকটি বালুর ফিল্টার ও পুকুরের পানির ওপর নির্ভর করতে হচ্ছে। বলেশ্বর নদ-তীরের বেড়িবাঁধের কয়েকটি ভাঙা স্থান দিয়ে চার-পাঁচ দিন ধরে জোয়ারের পানি ঢুকে পুরো গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামের বাড়িঘর ও পুকুর ডুবে যাওয়ায় পানির সঙ্গে মলমূত্র ছড়িয়ে পড়েছে।

কচুবাড়িয়া গ্রামের গৃহিণী পিয়ারা বেগম (৩৫) বলেন, ‘আমগো গেরামে কোনো পানির কল নাই। আগে পিএসএফের পানি খাইতাম। পিএসএফের পুহুরের পানিতে পায়খানা ভাসছে। এহন বৃষ্টির পানি ধইরা খাই।’

সাপলেজা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সালেহ জানান, খেতাছিড়া গ্রামে দুটি বালুর ফিল্টার আছে। একটি বালুর ফিল্টারের পুকুরে ময়লা পানি ঢুকে পড়ায় ওই পানি পান করা যাচ্ছে না। সেখানের ২০০ পরিবার কয়েক দিন ধরে শুধু বৃষ্টির পানি পান করছে।

উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশ্রাফ আলী জানান, চরভোলমারার মানুষ পুকুরের ময়লা পানি ফুটিয়ে পান করছেন। তবে গৃহস্থালির কাজ নোংরা পানিতেই সারতে হচ্ছে।

মঠবাড়িয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ গাজী জানান, ওই এলাকায় ভূপ্রকৃতিগত কারণে গভীর নলকূপ স্থাপন করা যাচ্ছে না। ওখানে বালুর ফিল্টার স্থাপনের পরিকল্পনা আছে।

পাউবোর মঠবাড়িয়ার উপবিভাগীয় প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, ভাঙা বেড়িবাঁধ জরুরি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে এর সংস্কার করা হবে।