মঠবাড়িয়ার পাঁচ শতাধিক পরিবারে পালিত হচ্ছে ঈদ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের পাঁচ শতাধিক পরিবার আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল নয়টায় সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকারবাড়ি ও সাড়ে নয়টায় কচুবাড়িয়া গ্রামের হাজি ওয়াহেদ আলী হাওলাদারবাড়িতে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুন্সী শাহ আলম ও মৌলভী হায়দার আলী ।
সুরেশ্বর পীরের অনুসারী কচুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন প্রথম আলো ডটকম বলেন, ‘আমরা ১০ জুলাই শুক্রবার সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছি এবং আজ সৌদি আরবের সাথেই ঈদ উদযাপন করছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মরহুম হজরত মাওলানা জান শরীফ ওরফে শাহে আহম্মদ আলীর অনুসারী হিসেবে উপজেলার সাপলেজা ইউনিয়নের পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের কয়েক হাজার মানুষ এক শ বছরের বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। স্থানীয়ভাবে তাঁরা সুরেশ্বরী সম্প্রদায় হিসেবে পরিচিত হলেও মূলত তাঁরা হানাফি মাজহাবের অনুসারী।
ভাইজোড়া গ্রামের প্রবীণ ব্যক্তি মকবুল মাস্টার জানান, কচুবাড়িয়া গ্রামের প্রয়াত হাজি ওয়াহেদ আলী হাওলাদার, শীতল খাঁ, হাজি সমিরুদ্দিন ১৮শ শতকের শেষ দিকে সুরেশ্বর গ্রামের পীর মরহুম হজরত মাওলানা জান শরীফকে কচুবাড়িয়ায় নিয়ে আসেন। সেই থেকে কচুবাড়িয়া ও ভাইজোড়া গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রথম রোজা রাখা ও ঈদ উদযাপন শুরু হয়। ধীরে ধীরে তাঁদের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে।
সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জমাদ্দার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের সত্যতা নিশ্চিত করেন।