পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাচকিবাড়ি লোহার সেতুটি আরসিসি স্ল্যাব ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চার বছর ধরে এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাত গ্রামের ২৫ হাজার মানুষ।
উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা শিক্ষক শফিকুল ইসলাম বলেন, উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া, খায়ের ঘটিচোরা, নলবুনিয়া, দেবত্র, খাসহাওলা ও গিলাবাদ এবং টিকিকাটা ইউনিয়নের কাঁকড়াবুনিয়া গ্রামের মানুষ সড়কপথে বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য সেতুটির ওপর নির্ভরশীল। এই সেতু পার হয়ে প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী বিদ্যালয় ও কলেজে যায়। সেতুর আরসিসি স্ল্যাব ভেঙে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
খোঁজ নিয়ে জানা গেছে, মঠবাড়িয়া-মিরুখালী খালের ওপর চালিতাবুনিয়া গ্রামের সাচকিবাড়ি স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০০-০১ অর্থবছরে আট লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৪১ মিটার দৈর্ঘ্যের লোহার সেতুটি নির্মাণ করে। চার বছর আগে সেতুটির বেশ কিছু আরসিসি স্ল্যাব ভেঙে যায়। তবে সংশ্লিষ্ট দপ্তর সেগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতুর আরসিসি স্ল্যাব ভেঙে গেছে। ভাঙা স্ল্যাবের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও কাঠের তক্তা বিছিয়ে চলাচল করছে মোটরসাইকেল ও এলাকাবাসী।
উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক শাহাদাৎ হোসেন বলেন, ভাঙা সেতু দিয়ে মোটরসাইকেল, রিকশা ও ভ্যান পারাপার করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করা না হলে এটি ব্যবহারে আরও অনুপযোগী হয়ে পড়বে।
মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র নীরব সাচকি বলে, প্রতিদিন বিদ্যালয়গামী শিশুসহ কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছে। সেতু পারাপার হতে গিয়ে বৃদ্ধ ও শিশুদের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়।
উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, সাচকিবাড়ি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় জনস্বার্থে সেটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন। কিন্তু এলজিইডি বর্তমানে লোহার সেতু নির্মাণ না করার কারণে সেতুটি সংস্কার বা নির্মাণ করা যাচ্ছে না। তবে অর্থ বরাদ্দ পেলে সেখানে গার্ডার সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ মো. রুস্তম আলী ফরাজী বলেন, ‘সাচকিবাড়ি লোহার সেতুর স্থলে গার্ডার সেতু নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি।’