মঠবাড়িয়ার স্কুলছাত্র ও ব্যবসায়ী নিখোঁজ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. আল আমিন (১৫) ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। একই উপজেলার মিরুখালী বাজারের কাপড় ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০) এক সপ্তাহ ধরে ঢাকা থেকে নিখোঁজ আছেন৷
দুটি ঘটনায় পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ তাঁদের সন্ধান পায়নি৷
আল আমিনের বাবা উপজেলার কালিকাবাড়ি গ্রামের ফারুক হোসেন বলেন, ৮ জুন সকালে আল আমিন বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। এরপর আর সে বাসায় ফেরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার সন্ধান মেলেনি৷
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মল্লিক বলেন, স্কুলছাত্র নিখোঁজের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে উদ্ধারের জন্য দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
নাসিরের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, ১৪ জুন নাসির দোকানের মালামাল কিনতে দুই লাখ টাকা নিয়ে ঢাকা যান। ১৭ জুন বেলা ১১টায় নাসির তাঁকে ফোন করে জানান, বিকেলে লঞ্চে উঠবেন৷ কিন্তু বিকেল পাঁচটার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর তাঁরা ঢাকায় আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি৷ পরে তাঁরা ঢাকার কোতোয়ালি থানায় জিডি করেন৷
নাসির উপজেলার বড়হারজী গ্রামের আবদুল মজিদের ছেলে।