মঠবাড়িয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাটকা আহরণ নিষিদ্ধ থাকাকালে জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে৷ স্থানীয় জনপ্রতিনিধিরা নির্ধারিত সময়ে চাল বিতরণ করছেন না এবং চাল কম দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এসব অনিয়মের কারণে সরকারি এ কার্যক্রমের মাধ্যমে জেলেদের কোনো উপকার হচ্ছে না৷
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ মৌসুমে (নভেম্বর-জুন) দেশের ১৭টি জেলার অভ্যন্তরীণ নদ-নদীতে জাটকা ধরা নিষিদ্ধ৷ এই সময়ে জাটকা ধরা থেকে বিরত থাকা কর্মহীন প্রতিটি জেলে পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে মার্চ থেকে জুন পর্যন্ত চার কিস্তিতে বিশেষ ভিজিএফের মাধ্যমে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার৷ গত মার্চ থেকে চার কিস্তিতে ওই চাল বিতরণ শুরু হওয়ার কথা ছিল৷ এ জন্য উপজেলার ১১টি ইউনিয়নের দুই হাজার ২৭৫ জেলে পরিবারকে তালিকাভুক্ত করা হয়৷ শুধু উপজেলার সাপলেজা, ধানীসাফা ও হলতা গুলিসাখালী ইউনিয়নের ৭৭৫ জেলে পরিবারকে মার্চ মাসের কিস্তির চাল মে মাসে দেওয়া হয়েছে৷ বাকি আট ইউনিয়নের তালিকাভুক্ত দেড় হাজার জেলে পরিবার এখনো চাল পায়নি৷
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বলেশ্বর নদে জাটকা ধরা বন্ধ থাকায় প্রায় সাত মাস ধরে উপজেলার পাঁচ হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছেন৷ অথচ ভিজিএফের জন্য তালিকাভুক্ত হয়েছেন অর্ধেক জেলে৷ সাপলেজা ইউনিয়নের জেলেদের মার্চ মাসের কিস্তির চাল পাঁচ কেজি করে কম দেওয়ার অভিযোগ উঠেছে৷
সাপলেজা ইউনিয়নের খেতাছিঁড়া গ্রামের জেলে আলী আকন বলেন, ‘আমরা মার্চ মাসের কিস্তির চাল মে মাসে পেয়েছি৷ প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ৩৫ কেজি করে দেওয়া হয়েছে৷’
সাপলেজা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, বরাদ্দ অপ্রতুল হওয়ায় কয়েক শ জেলের নাম তালিকায় ওঠেনি৷ চাল কম দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, পরিবহন খরচের জন্য আড়াই কেজি চাল কম দেওয়া হয়েছে৷
উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শামসুল হক বলেন, ‘মন্ত্রণালয় থেকে এপ্রিলে বরাদ্দের চিঠি পেয়েছি৷ এরপর জেলেদের তালিকা করতে দেরি হওয়ায় যথাসময়ে চাল বিতরণ করা যায়নি৷ জেলেদের কম চাল দেওয়ার ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব বলেন, জেলেদের খাদ্যশস্যের প্রথম কিস্তির ছাড়পত্র (ডিও) ইউপির চেয়ারম্যানদের দেওয়া হয়েছে৷ কয়েকজন চাল বিতরণ করেছেন৷ তবে জেলেদের তালিকা নিয়ে সমস্যার কারণে হয়তো কেউ কেউ এখনো চাল বিতরণ করেননি৷