মঠবাড়িয়ায় পৃথক সংঘর্ষে ১৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে পৃথক তিনটি সংঘর্ষে পাঁচ নারী, এক গ্রাম পুলিশসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেল ও রাতে এ সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গোলবুনিয়া গ্রামের দুলাল হালদারের সঙ্গে একই এলাকার বিনয় ভূষণের জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধলে দুলাল হালদার (৫০), তাঁর স্ত্রী দিপালী হালদার (৪৫), প্রতিবেশী অঞ্জন দর্জি (৪৫) ও তাঁর ভাই রিপন দর্জি (৩৩) এবং প্রতিপক্ষের শিশির গোমস্তা (১৬), দিপালী রানী (৩৫), দিলীপ মাঝি (২০) আহত হন। এ সময় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে গ্রাম পুলিশের আশীষ দর্জি (৩৪) আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একই দিন বিকেলে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার ছোট শিংগা গ্রামের অবনি ভূষণ গাইনের লোকজনের সঙ্গে তাঁর ভাতিজা অজিত গাইনের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অবনির মেয়ে বনানী গাইন (২২), ছেলে বিশ্বজিৎ গাইন (২০) এবং প্রতিপক্ষ অজিত গাইন (২৮), তাঁর ছোট ভাই অসীম গাইন (২০) ও মা নিয়তি রানী গাইন (৪৫) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা ভর্তি হয়েছে।
এ ছাড়া উপজেলার বাদুরা গ্রামে একই দিন বিকেলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ইসাহাক মিয়ার স্ত্রী আলেয়া বেগমকে (৩৫) প্রতিপক্ষ ইউসুফ মিয়ার লোকজন পিটিয়ে আহত করেছে। আলেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, এসব ঘটনায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।