মঠবাড়িয়া থেকে নিখোঁজ ছাত্রের লাশ কেরানীগঞ্জে উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের স্কুলছাত্র আরিফ তালুকদারের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর গত বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গোলাম বাজারের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মঠবাড়িয়ার মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর আরিফের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। আরিফের বাবা হিরু তালুকদার জানান, গত রোববার বিকেলে আরিফ বাড়ি থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। গত বুধবার রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থেকে মিজান হাওলাদার নামের তাঁদের এক আত্মীয় মুঠোফোনে আরিফের মৃত্যুর খবর জানান। হিরু অভিযোগ করেন, তাঁদের প্রতিবেশী আল আমিনের কাছে আরিফ বেশ কিছু টাকা পেত। ওই টাকা নিয়ে বিরোধের জের ধরে আল আমিন আরিফকে হত্যা করে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মিজান হাওলাদার জানান, তিনি কেরানীগঞ্জের গোলাম বাজারের একটি বাসায় ভাড়া থাকেন। ওই বাসার একটি কক্ষে ঘোপখালী গ্রামের আল আমিনও ভাড়া থাকত। দুদিন আগে একই গ্রামের জসিম আরিফকে নিয়ে আল আমিনের ঘরে আসে। বুধবার রাত নয়টার দিকে এক ভাড়াটিয়া আল আমিনের ঘরে কম্বল মোড়ানো অবস্থায় আরিফের লাশ দেখতে পেয়ে তাঁকে খবরটি জানান।