মঠবাড়িয়া পৌর মেয়রের মুক্তির দাবিতে আধা বেলা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে আধা বেলা হরতাল পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার গুলিসাখালী বাজারে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকে এ হরতাল পালিত হয়।
হরতালের কারণে গুলিসাখালী বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ ছিল। এ সময় মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন হরতাল পালনকারী ব্যক্তিরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হরতাল চলাকালে দুপুরে জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গুলিসাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গুলিসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম প্রমুখ।
গত বছরের ২৫ জুলাই বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে লিটন পণ্ডিত নামের যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় লিটনের বড় ভাই বাদী হয়ে রফিউদ্দিন আহমেদসহ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে স্থানীয় থানায় হত্যা মামলা করেন। গত রোববার রফিউদ্দিন আহমেদ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করেন।