পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগের কর্মী লিটন পণ্ডিত (৩০) হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার জেলা কারাগার থেকে তিনি ছাড়া পান। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
গত রোববার মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে রফিউদ্দিন আহমেদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. বেল্লাল হোসেন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাঁকে পিরোজপুর কারাগারে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর তিনি অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চেয়ে জেলা ও দায়রা জজের আদালতে আবেদন করেন। গতকাল শুনানি শেষে বিচারক মো. গোলাম কিবরিয়া জামিন মঞ্জুর করেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন বলেন, রফিউদ্দিন আহমেদ অসুস্থ। তিনি মালয়েশিয়া ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার কাগজপত্র আদালতে জমা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
গত বছরের ২৫ জুলাই বিকেলে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবলীগের কর্মী লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় রফিউদ্দিন আহমেদসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে লিটনের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত থানায় মামলা করেন।