মঠবাড়িয়ার বড়মাছুয়া স্টিমারঘাট ভাঙনের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেশ্বর নদের ভাঙনের কবলে পড়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া স্টিমারঘাট। ইতিমধ্যে পন্টুনে যাতায়াতের বেইলি সেতুটির সংযোগ সড়ক ভেঙে গেছে। বিকল্প হিসেবে কাঠের সিঁড়ি তৈরি করে এ সংযোগ সড়কের কাজ চালানো হচ্ছে।স্থানীয় বাসিন্দা নূরু মিয়া বলেন, ভাঙনে গত ২০ বছরে বলেশ্বর নদে কয়েক হাজার একর ফসলি জমি এবং বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে; স্টিমারঘাট সরাতে হয়েছে কয়েকবার। বর্তমানে যেভাবে নদের ভাঙন শুরু হয়েছে, তাতে কয়েক মাসের মধ্যে পন্টুন তীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঘাটের তত্ত্বাবধায়ক (টিএস) ফজলুল হক বলেন, প্রতিদিন ২০০ থেকে ২৫০ যাত্রী এ ঘাট থেকে স্টিমারে করে ঢাকা, চাঁদপুর, বরিশালসহ আটটি পথে যাতায়াত করে। বিশেষ করে মঠবাড়িয়া থেকে ঢাকা, চাঁদপুর ও বরিশালে নৌপথে যাতায়াতে যাত্রীরা স্টিমারের ওপর নির্ভরশীল। গুরুত্বপূর্ণ এ ঘাটটি রক্ষা করা না গেলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন শওকত সরদার বলেন, ‘জরুরিভিত্তিতে বলেশ্বর নদ শাসনের উদ্যোগ না নিলে পন্টুনের বেইলি সেতুটি তীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন স্টিমারঘাটটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। শুনেছি বলেশ্বর নদের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি প্রকল্প হাতে নিয়েছে। তবে যথাসময়ে প্রকল্পের কাজ শুরু করা না হলে ভাঙনের তীব্রতা রোধ করা কঠিন হয়ে পড়বে।’পাউবো মঠবাড়িয়ার উপবিভাগীয় প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, প্রতিরক্ষা নদীশাসনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পাউবোর কারিগরি দল সরেজমিনে বলেশ্বর নদের ভাঙন-কবলিত এলাকা পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে। এ জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।