মঠবাড়িয়ার মামলার বিচার ১৪ মাসেও শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে হত্যা ও লুটপাটের অভিযোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম এ জব্বারসহ ৬০ জনের বিরুদ্ধে করা মামলার বিচারকাজ ১৪ মাসের বেশি সময়েও শুরু হয়নি। তদন্তকাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের শহীদ জীতেন্দ্রনাথ মিত্রের ছেলে জ্ঞানেন্দ্র মিত্র বাদী হয়ে ৬০ জনকে আসামি করে গত বছর ৬ সেপ্টেম্বর মঠবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক সাংসদ এম এ জব্বারকে। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। একই বছর ২১ সেপ্টেম্বর মামলাটি আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ৬ অক্টোবর রাতে মঠবাড়িয়া থানায় শান্তি কমিটির সভাপতি এম এ জব্বারের নির্দেশে ৬০-৬৫ জনের একটি দল আঙ্গুলকাটা গ্রামের মিত্র বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটপাট চালায়। পরে তারা ওই বাড়ি থেকে ৩০ জনকে ধরে নিয়ে যায়। উপজেলার সূর্যমণি বেড়িবাঁধে সারিতে দাঁড় করিয়ে তাঁদের গুলি করা হয়। এতে ২৪ জন মারা যান। প্রাণে বেঁচে যান জ্ঞানেন্দ্র মিত্রসহ ছয়জন। মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সেক্টর কমান্ডারস ফোরাম প্রণীত ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকার ৩৬ নম্বরে আছেন এম এ জব্বার। যত তাড়াতাড়ি সম্ভব এ মামলার বিচারকাজ শুরু করা উচিত।’মামলার বাদী জ্ঞানেন্দ্র মিত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১৪ মাস পার হলেও মামলার বিচারকাজ শুরু না হওয়ায় আমরা হতাশ।’ জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা কার্যালয়ে কর্মরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এই মামলাসংক্রান্ত তদন্তকাজ প্রাথমিক পর্যায়ে আছে। এরই মধ্যে আমরা দুইবার তদন্তের জন্য মঠবাড়িয়া গিয়েছি। আবারও সেখানে যেতে হবে। তদন্ত শেষ হলে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।’ যোগাযোগ করা হলে মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক নেতা মো. লাভু মৃধা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এম এ জব্বার যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তিনি বর্তমানে ফ্লোরিডায় তাঁর ছেলেমেয়ের কাছে আছেন।