মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ড, নয় ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
পিরোজপুরের মঠবাড়িয়া শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় আজ বুধবার সকালে বাজারে অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমর চন্দ্র ঢালী ও কামরুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে শহরের কাপুড়িয়াপট্টির ঝন্টু মালের মোমবাতি তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে একটি ডেকোরেটরের দোকান, একটি চায়ের দোকান, একটি দরজির দোকান ও ছয়টি টেলিভিশন মেকারের দোকানে পুড়ে যায়। আগুনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস বরিশালের সহকারী পরিচালক মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, মোমবাতির একটি কারাখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এক ঘণ্টার মধ্যে নেভান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম সরফরাজ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, আগুন লাগার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
জানতে চাইলে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সুমন বলেন, ‘আমাদের মহড়া চলছিল। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।’