মঠবাড়িয়ায় অজগর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নয় ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ ধরা পড়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের কয়েকজন ব্যক্তি খালে মাছ ধরতে গিয়ে সাপটিকে দেখতে পান এবং আটক করেন।

স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে ঘোপখালী গ্রামের খালে কয়েকজন মাছ ধরছিলেন। বেলা একটার দিকে রিয়াজ মিয়া ও মো. মন্টু নামের দুজন খালের কচুরিপানার মধ্যে অজগর সাপটি দেখতে পেয়ে আটক করেন। খবর পেয়ে ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন কুমার সিকদার সাপটিকে উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে যান।

রিপন কুমার সিকদার প্রথম আলোকে বলেন, অজগরটিকে বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকনের কাছে রাখা হবে। চেয়ারম্যানের মাধ্যমে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা শামসুল কবির প্রথম আলোকে বলেন, সুন্দরবনে খাবারের অভাব ও বাসস্থানে উপদ্রব দেখা দেওয়ায় অনেক সময় অজগর সাপ বনসংলগ্ন নদী ও লোকালয়ে চলে আসে। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।