মঠবাড়িয়ায় অধিকাংশ কেন্দ্র দখলের অভিযোগ, ভোট বর্জন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচনে আজ রোববার আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমানের বিরুদ্ধে ৭৭টির মধ্যে ৭০টি ভোটকেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী রুহুল আমিন। কারচুপি ও অনিয়মের অভিযোগে বিএনপি-সমর্থিত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। কাল সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
এ ছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে সালমা ও আওয়ামী লীগের বিদ্রোহী নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানান। একই সঙ্গে তাঁরা ভোট বর্জনের ঘোষণা দেন।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা গেছে।
সকালে পৌরসভার ওয়াহাবিয়া বালিকা দাখিল মাদ্রাসা, আন্ধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষের লোকজনকে প্রকাশ্যে জাল ভোট দিতে দেখা যায়। এ ছাড়া অধিকাংশ কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সকাল ১০টা নাগাদ উপজেলার ৭৭টির মধ্যে ৭০টি ভোটকেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী রুহুল আমিন। এ পরিস্থিতিতে সকাল ১০টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন অভিযোগ করেন, সকাল নয়টার মধ্যে ৭০টির মতো কেন্দ্রে থেকে তাঁর পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে ছাত্রলীগ কর্মীরা নিজেরাই ব্যালটে সিল মেরে তা বাক্সে ঢোকাতে থাকেন। অন্তত ২৭টি কেন্দ্রে গতকাল রাতেই ব্যালট পেপারে সিল মেরে তা বাক্স ঢুকানো হয়েছে। নির্বাচনী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ কারণে ভোট বর্জন করতে বাধ্য হয়েছেন তিনি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ সংগঠনটির কয়েকশ বহিরাগত নেতা-কর্মী মঠবাড়িয়ায় অবস্থান করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি-সমর্থিত এই চেয়ারম্যান প্রার্থী।
সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর বেলা ১১টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থীর বাসার সামনে কয়েকটি গুলি ও ককটেল বিস্ফোরিত হয়। এ সময় তাঁর সমর্থকেরা এক ব্যক্তিকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।
এদিকে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে কাল উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি দোলাওয়ার হোসেন মুন্সী দুপুর ১২টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন।
সকালে রুহুল আমিনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কে এম হুমায়ন কবীর অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে অভিযোগ করে তাঁরা কোনো প্রতিকার পাচ্ছেন না। প্রশাসন নীরবতা পালন করছে।
অভিযোগের বিষয়ে জানতে আজ সকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আশরাফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আমি দেখছি।’
রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মানিক হার রহমানও বলেন, ‘অভিযোগগুলো খতিয়ে দেখছি।’