মঠবাড়িয়ায় অপহূত স্কুলছাত্রী উদ্ধার গ্রেপ্তার ১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অপহূত দশম শ্রেণীর এক ছাত্রীকে গত রোববার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. বাপ্পী নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।মঠবাড়িয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কে এম লতিফ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর ওই ছাত্রী (১৪) গত রোববার সকাল নয়টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় হারুন মিয়ার বাড়ির সামনে থেকে দক্ষিণ মিঠাখালী গ্রামের সায়েদ চৌকিদারের ছেলে বাপ্পীসহ কয়েকজন তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রোববার রাতে বাপ্পীকে প্রধান আসামি করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের অভিযোগে মামলা করেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে মঠবাড়িয়া পৌরসভার মিঠাখালী এলাকা থেকে বাপ্পীকে গ্রেপ্তার এবং ওই ছাত্রীকে উদ্ধার করে।মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বাপ্পীকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।