মঠবাড়িয়ায় অর্ধশত ‘ঘর’ পরিত্যক্ত
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৩০টি পাকা ঘর করে দেয় সরকার। এক কোটি ৫৬ লাখ টাকায় নির্মিত ঘূর্ণিঝড়সহনীয় ওই ঘরগুলোর বেশির ভাগই উপকারভোগীদের কাজে আসছে না। খাম্বা, পাকা মেঝে ও ছাদসর্বস্ব দেয়ালহীন ঘরগুলো বসবাসের অনুপযোগী হওয়ায় অর্ধশতাধিক ঘর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম ফারুক হাসান বলেন, ঘরগুলো মানুষের বসবাসের উপযোগী করে তৈরি করা হয়নি। তা ছাড়া ঘরগুলো যাঁদের দেওয়া হয়েছে, তাঁদের ওই ঘর বসবাসের উপযোগী করার সামর্থ্যও নেই। ফলে অধিকাংশ ঘর কোনো কাজে আসছে না। তিনি জানান, ঘরগুলো তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া-তুষখালী সড়কের দুই পাশে সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের ১৮টি পরিবারকে দেয়ালহীন ঘর করে দেওয়া হয়েছে। অথচ দু-তিনটি ঘর ছাড়া বাকি ঘরগুলোতে কেউ বসবাস করছেন না। ওই গ্রামের দিনমজুর বাচ্চু মিয়া জানান, সরকারিভাবে পাওয়া ঘরটির চারদিকে বেড়া দিয়ে তা বসবাসের উপযোগী করার মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই। তাই তিনি ওই ঘরে বসবাস করছেন না। বর্তমানে ঘরটি তাঁর এক প্রতিবেশী গোয়ালঘর হিসেবে ব্যবহার করছেন। একই গ্রামের কালাম খান একটি ঘর পেয়েছেন। তাঁর স্ত্রী শেফালী বেগম বলেন, ‘ঘরের ছাদ চুইয়া পানি পড়ে। হেইর লইগা ঘরের বেড়া দিই নাই।’ তবে নিজ খরচে ঘরের বেড়া দিয়েও বসবাস করতে সমস্যা হচ্ছে রত্তন মাতবরের। তিনি জানান, বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। তাই বৃষ্টির সময় তাঁকে প্রতিবেশীদের ঘরে আশ্রয় নিতে হয়।বড়মাছুয়া ইউপির চেয়ারম্যান আবদুর রহমান খান ও দাউদখালী ইউপির চেয়ারম্যান আবদুস শুক্কুর জানান, তাঁদের ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত ঘরগুলোতে বেড়া না থাকায় উপকারভোগীরা তাতে বসবাস করতে পারছেন না।মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে ‘বরিশাল বিভাগের আইলাবিধ্বস্ত জেলাগুলোতে ঘূর্ণিঝড়সহায়ক গৃহনির্মাণ প্রকল্পে’ মঠবাড়িয়া উপজেলার সাতটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়।প্রকল্পের আওতায় ২০১০-১১ অর্থবছরে এক কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ১৩০টি ঘর নির্মাণ করা হয়। আরসিসি পিলারের ওপর ছাদ ও পাকা মেঝের ১৫ ফুট প্রস্থ ও ১০ ফুট দৈর্ঘ্যের প্রতিটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে এক লাখ ২০ হাজার টাকা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফাইজুল ইসলাম বলেন, ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তরের নকশা অনুযায়ী ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ঘরগুলোতে বেড়া না থাকায় অনেক সুবিধাভোগী তা ব্যবহার করতে পারছেন না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নতুন করে প্রকল্প গ্রহণ ছাড়া ঘরগুলোতে বেড়া দেওয়া সম্ভব নয়।