মঠবাড়িয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সংবর্ধনা নিয়ে গত শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও পুলিশ সভাস্থলে গিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধানীসাফা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহামঞ্চদ ফারুক পিরোজপুর জেলার মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে চেয়াম্যান নির্বাচিত হওয়ায় একটি সংগঠন তাঁকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পদক প্রদান করে।এ ঘটনায় ধানীসাফা এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ শনিবার বিকেলে সাফা বাজারের পল্টন মাঠে সংবর্ধনার আয়োজন করে। ওই দিন দুপুরে ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই বিশ্বাস মাইকিং করে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একই স্থানে পাল্টা সভা ডাকেন।বিকেল তিনটার দিকে সংবর্ধনায় যোগ দিতে যাওয়ার পথে তুষখালী বাজারের কাছে চেয়ারম্যান ফারুকের সমর্থকদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের কর্মী বাদল হাওলাদার (৩০) ও মো. খোকন (২৫) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ধানীসাফা বাজারে চেয়ারম্যানের সংবর্ধনায় আসা লোকজনের ওপর আরেক দফা হামলার ঘটনায় হারুন ফকির, যুবলীগের নেতা কবির হাওলাদার, ছাত্রলীগের নেতা মামুনুর রশিদ, ফয়সাল আহমেদ, সজিব, তুষারসহ আটজন আহত হন।দুই পক্ষের মধ্যে হামলার ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ গিয়ে সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পরে ধানীসাফা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মিয়া মোহামঞ্চদ ফারুক অভিযোগ করেন, ‘আমার সংবর্ধনা বানচাল করতে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ পাল্টা সভা ডাকে।’আবদুল হাই বিশ্বাস অভিযোগ অস্বীকার করে জানান, যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে তাঁরা পল্টন মাঠে সভা ডেকেছিলেন। মঠবাড়িয়া থানার ওসি নিষেধাজ্ঞার কথা অস্বীকার করে বলেন, ‘দুই পক্ষ একই স্থানে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আমরা উভয় পক্ষকে সাফার পল্টন মাঠে সভা করতে দিইনি।’