মঠবাড়িয়ায় আ.লীগের নেতাদের নামে খাসজমি বন্দোবস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা লঙ্ঘন করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসভবনের জমি ক্ষমতাসীন দলের ২০ নেতা-কর্মী ও তাঁদের স্বজনদের বন্দোবস্ত দেওয়া হয়েছে। উচ্চ আদালত এই বন্দোবস্তের ওপর স্থগিতাদেশ দিলেও ওই জায়গায় স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সরকারের গেজেট সূত্রে জানা গেছে, অকৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্তের বিষয়ে সরকার ১৯৯৫ সালের ৮ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে অকৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালার-৩-এর (দ) ধারায় বলা হয়েছে, খাস খতিয়ানভুক্ত জনগণের ব্যবহার্য রাস্তা, ঘাট, নদী, খাল, নালা, পুকুর, বাঁধ, কবরস্থান, শ্মশান, পার্ক, খেলার মাঠ ও ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দপ্তরের এলাকাধীন জমি বন্দোবস্তের আওতায় আসবে না।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মী ও তাঁদের স্বজনদের নামে প্রশাসন ১০ শতাংশ জমি বন্দোবস্ত দিয়েছে। বন্দোবস্ত পাওয়া উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম সেলিম মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ উল হকের স্ত্রী ইসরাত জাহান, ছোট ভাই আজিম উল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক নওরোজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহীন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক বলেন, ‘আমরা এখনো স্থাপনার নির্মাণকাজ বন্ধের জন্য আদালতের নির্দেশনা পাইনি। তাই কাজ বন্ধ করিনি।’
খোঁজ নিয়ে জানা গেছে, মঠবাড়িয়া পৌর এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) বাসভবনের জমি বন্দোবস্ত চেয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে ওই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির উদ্দিনের বড় ভাই জি এম কামাল আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সরকারি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ভূমিসচিবকে নির্দেশ দেন। গত ৯ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের খাসজমি শাখা-২-এর জ্যেষ্ঠ সহকারী সচিব সাইফুল ইসলাম এক চিঠিতে নীতিমালা অনুযায়ী এ বিষয়ে মতামতসহ প্রস্তাব পাঠানোর জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।
এরপর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) অনুমোদনের পর ১ অক্টোবর মঠবাড়িয়ার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ওই জমির একসনা বন্দোবস্তের ডিসিআর সরবরাহ করা হয়। বন্দোবস্ত পাওয়ার পর সহকারী কমিশনারের (ভূমি) বাসভবনের নিরাপত্তাপ্রাচীর ভেঙে এবং গাছ কেটে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়।
রিটকারী কে এম হুমায়ুন কবির অভিযোগ করেন, গত রোববার হাইকোর্টের আদেশ ইউএনওকে সরবরাহ করার পরও তিনি স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করেননি।
ইউএনও মো. আহসান হাবিব বলেন, ‘জমিটি বাড়ি হিসেবে রেকর্ডভুক্ত ছিল। আমার যোগদানের আগে ওই জমি খাস খতিয়ানভুক্ত করা হয়। স্থাপনা নির্মাণের কাজ বন্ধের জন্য বলেছি।’
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, একটি লম্বা টিনশেড ভবন নির্মাণ করা হয়েছে। এর দৈর্ঘ্য ১৮০ ফুট ও প্রস্থ ১৮ ফুট। এখানে ২০টি কক্ষ আছে। দেয়াল ও চালের কাজ শেষ হয়েছে। মেঝে পাকা করার কাজ চলছে। জেলা প্রশাসক অনলচন্দ্র দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগটি কেটে দেন।